বিদেশে রপ্তানি হবে লিচু

বিদেশে রপ্তানি হবে লিচু

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: লিচুর রাজ্য হিসেবে পরিচিত উত্তরের জেলা দিনাজপুর। গত ৩০ এপ্রিল দিনাজপুরের বেদনা লিচু পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতির সনদ।

দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় উচ্ছসিত এ জেলার লিচু চাষি ও বাগানমালিকরা। তবে স্বীকৃতির মধ্যেই সীমাবদ্ধ না থেকে লিচু বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন চাষিরা। দিনাজপুরের লিচুর প্রসিদ্ধ এলাকা হিসেবে বিবেচনা করা হয় সদর উপজেলার মাসিমপুর ও বিরল উপজেলার মাধববাটী এলাকাকে। উৎকৃষ্ট মাটি ও আবহাওয়ার জন্য এ দুটি এলাকাতেই বেদানা জাতের লিচুর বেশি ফলন হয়।

মাসিমপুর এলাকার বাগানমালিক মোকসেদুল হক বলেন, এখানে প্রতি পিস লিচুর দাম সাত থেকে আট টাকা, ঢাকায় দাম একটু বেশি। তবে যদি এ লিচু বিদেশে রপ্তানি হয়, তাহলে আমাদের এখানেই প্রতি পিস লিচু ১১ থেকে ১২ টাকা হিসেবে বিক্রি করতে পারব। আমরা লাভবান হতে পারব। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি মিলেছে, এটা খুব ভালো লেগেছে। দিনাজপুরের সুনাম হচ্ছে।

উলিপুর এলাকার কৃষক আলমাস ইসলাম বলেন, দিনাজপুরের লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এটা ভালো দিক। বেদানা লিচুর জন্য সরকার যে ব্যবস্থা করেছে, যদি আন্তর্জাতিক পর্যায়ে রপ্তানি করতে পারি এবং প্রসেস করতে পারি, তাহলে ভালো হবে এবং বৈদেশিক মুদ্রা আয় হবে। দেশে ডলারের সংকট পূরণে কৃষকরাও ভূমিকা রাখবেন।

লিচু গাছে পানি সেচ ও স্প্রে করছেন একই এলাকার বাগানমালিক আলতাফ হোসেন। কথা হলে তিনি বলেন, বেদানা লিচু স্বীকৃতি পেয়েছে। এতে উপকার হবে, সুনাম হবে, বিদেশের লোকজনও আসবে। এ লিচু দিনাজপুরের সবচেয়ে ভালো লিচু। এ লিচু দেশের কোথাও এমন ভালো হয় না। এ স্বীকৃতিতে আমাদের লাভ হবে বলে আশা করছি। যদি এ লিচু বিদেশে রপ্তানি হয়, তাহলে দেশের ভালো হবে, অর্থনীতির ভালো হবে এবং আমাদের ভালো হবে।

এসবিডি নিউজ ডেস্ক